গাজায় ‘শাতি’ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৫

0
47

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এবারের টার্গেট ছিল গাজা সিটির পশ্চিমাঞ্চলের শাতি শরণার্থী শিবিরের একটি বাড়ি। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, এই হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, গাজার পশ্চিমাঞ্চলে শাতি শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি হামলার ফলে পাঁচজন নিহত হন এবং আরও অনেকে গুরুতর আহত হন। এ ছাড়া গাজার কেন্দ্রীয় শহর দিয়ের আল-বালাহর পূর্বাঞ্চলেও ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটে। তবে সেখানে হতাহতের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এদিকে গাজায় গণহত্যার ৭০০ দিন পূর্ণ হয়েছে শুক্রবারে (৫ সেপ্টেম্বর)। এ সময়ের মধ্যে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৬৪ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ ও অবরোধের কারণে গোটা গাজা উপত্যকা এখন ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে।

গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি