ইরানে হিজাববিরোধী আন্দোলনের আরেক বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর

0
47

ইরানে হিজাববিরোধী আন্দোলনের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে এক বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। দেশটির বিচার বিভাগের ওয়েবসাইট মিজান শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনার পর থেকে ইরানে আবারও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

২০২২ সালে মাহসা আমিনির মৃত্যু ঘিরে ইরানে ব্যাপক আন্দোলন শুরু হয়। তাকে হিজাব সঠিকভাবে না পরার অভিযোগে আটক করে নৈতিকতা পুলিশ। তবে আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। এই মৃত্যুর ঘটনায় পুরো ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যেখানে শত শত মানুষ নিহত হন। সেই আন্দোলনের সময় সংঘটিত এক ঘটনায় জড়িত থাকার অভিযোগেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মিজানের প্রতিবেদনে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারীর নাম মেহরান বাহরামিয়ান। তিনি ২০২২ সালের ডিসেম্বরে ইস্ফাহান প্রদেশের সেমিরোম এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালান। ওই হামলায় মোহসিন রেজাই নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার দুই বছর পর শনিবার সকালে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।

এর মাধ্যমে মাহসা আমিনি-পরবর্তী বিক্ষোভে জড়িত অন্তত ১০ জনকে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এদিকে অধিকার সংস্থাগুলো জানিয়েছে, বাহরামিয়ানের ভাই ফাজেলকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের আরেক ভাই মোরাদ ২০২২ সালের আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইরানের নিরাপত্তা বাহিনী প্রায়ই আটককৃতদের ওপর নির্যাতন চালায় এবং স্বীকারোক্তি আদায় করে। অনেক সময় তাদের দীর্ঘদিন একাকী কারাগারে বন্দি রাখা হয়, এমনকি পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়। পরে সেই জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তিকে আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।

আন্তর্জাতিক মহল ইতোমধ্যেই ইরানের এই মৃত্যুদণ্ড কার্যক্রমের সমালোচনা করেছে। তবে তেহরান বলছে, দেশের আইন অনুযায়ী অপরাধীদের বিচার হচ্ছে। তথ্যসূত্র : রয়টার্স