শাজাহানপুরে পিস্তল ঠেকিয়ে ট্রাক ডাকাতি, এক ডাকাত গ্রেফতার

0
35

বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে মহাসড়কে ট্রাক চালকের বুকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের সময় পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক আন্তজেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পারতেখুর সাদিক পার্ক সংলগ্ন বগুড়া-নাটোর সড়কে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ট্রাক চালক ফরিদপুর জেলার নগরকান্দা থানার মনোহরপুর গ্রামের মৃত মাজেদ মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ডাকাত হলেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার লাহেরি বাড়ি গ্রামের মৃত চান খানের ছেলে মাহবুব খান।

মামলা সূত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর থেকে মুরগির খাদ্য বোঝাই দুটি ট্রাক নিয়ে ফরিদপুরের টেকেরহাট যাচ্ছিলেন ট্রাক চালক ফরহাদ মিয়া ও তার সহকারী। তাদের কাছে ভাড়া বাবদ ৯০ হাজার টাকা ছিল।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে শাজাহানপুরের পারতেখুর এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হলে রাস্তার পাশে থেমে তা পরিবর্তন করছিলেন তারা। এসময় একটি মোটরসাইকেলে তিনজন ডাকাত এসে ট্রাক চালক ও হেলপারের বুকে পিস্তল ঠেকিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়।

ট্রাক চালক ও হেলপারের চিৎকারে ঘটনাস্থলে টহল পুলিশ পৌঁছালে দু’জন ডাকাত মোটরসাইকেলে পালিয়ে যায়। তবে পালানোর চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন মাহবুব খান। তিনি ধানক্ষেতে দৌড় দিলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অস্ত্র ও গুলি জব্দের ঘটনায় শাজাহানপুর থানার এসআই আবু জাররা বাদী হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাহবুব খান একজন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। তার সহযোগীদের গ্রেফতারের অভিযান চলছে।