ট্রাম্প প্রশাসনের ম্যাসাচুসেটসে অভিবাসী তাড়ানোর অভিযান শুরু

0
35

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে অবৈধভাবে থাকা অভিবাসীদের গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর জন্য অভিযান শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বরাতে শনিবার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং বোস্টন এই তথ্য প্রকাশ করেছে। অভিযানটি মূলত ‘অপরাধে জড়িত বিদেশি’দের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

অভিযানটি চালানো হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এবং অভিবাসন ও শুল্ক কার্যকরবিষয়ক শাখা (আইসিই) কর্তৃক, যার নাম দেওয়া হয়েছে ‘প্যাট্রিয়ট ২.০’। এটি মে মাসে পরিচালিত পূর্বের অভিযানের আপডেট সংস্করণ। গত অভিযানে প্রায় ১,৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন অভিযানে লক্ষ্য করা হচ্ছে মূলত সেই অভিবাসীদের, যাদের স্থানীয় কারাগার থেকে ছাড়া দেওয়া হয়েছে, অথচ আইসিই এজেন্টরা তাদের হেফাজতে নিতে চেয়েছিল।

সূত্র জানিয়েছে, অভিযান কয়েক সপ্তাহ ধরে চলবে। আইসিই-এর ফেডারেল কর্মকর্তারা ম্যাসাচুসেটসের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন। শিকাগোতে অভিবাসীবিরোধী অভিযান শুরুর প্রস্তুতির মধ্যেই এই অভিযান শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও মেয়র মিশেল উ-এর অভিবাসীবান্ধব নীতি ফেডারেল কর্মকর্তাদের সহযোগিতা সীমিত করছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানাচ্ছে, অভিযানে যৌন অপরাধী, শিশু নিপীড়নকারী, হত্যাকারী, মাদক ব্যবসায়ী ও গ্যাং সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।

এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র জানিয়েছেন, অভিযানের লক্ষ্য সাধারণ আইন মান্যকারী মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। মেয়র মিশেল উ-এর নীতি অপরাধীদের আশ্রয় দিচ্ছে এবং জননিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে।

মিশেল উ-এর নীতির কারণে স্থানীয় সহযোগিতা সীমিত থাকলেও, ফেডারেল কর্তৃপক্ষ অভিযান চালিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের এই অভিযান স্থানীয় আইন ও অভিবাসন ব্যবস্থার মধ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

তথ্যসূত্র : রয়টার্স