ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল ইংল্যান্ড

0
43

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ইংল্যান্ড। আজ তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড পঞ্চম সর্বোচ্চ ৪১৪ রান করে ইংল্যান্ড।

বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিরোধই গড়তে পারেনি প্রোটিয়ারা। জফরা আর্চারের তাণ্ডবে টিকতেই পারেনি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। রানের খাতা খোলার আগেই এইডেন মারক্রামকে শিকার করে শুরুটা করেন আর্চার। তারপর ভিয়ান মাল্ডারকে শিকার করেন ব্রাইডন কার্স। মাল্ডারও রানের খাতা খুলতে পারেননি। ২ রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

নিজের দ্বিতীয় ওভারেও আঘাত হানেন আর্চার। এবার তিনি শিকার করেন রায়ান রিকেলটনকে। পরের ওভারেই তুলে নেন আরেকটি উইকেট। এবার আর্চারের শিকারে পরিণত হন ম্যাথু ব্রিটজকে। ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসেই এক সেঞ্চুরিসহ চার হাফ-সেঞ্চুরি করা ব্রিটজকে ১০ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান।

প্রথম ব্যাটার হিসেবে দুই অঙ্ক স্পর্শ করেন ত্রিস্টান স্টাবস। স্টাবস ২২ বলে ১০ রান করেন আউট হন। তাকেও শিকার করেন আর্চার। ডেওয়াল্ড ব্রেভিসকে শিকার করে প্রোটিয়াদের ষষ্ঠ উইকেটের পতন ঘটান কার্স। ২৪ রানে ছয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

তারপর ২৫ রানের জুটি গড়েন কেশব মহারাজ ও করবিন বশ। মহারাজকে শিকার করে এই জুটি ভাঙেন আদিল রশিদ। পরের ওভারেই কোডি ইউসুফকে বোল্ড করেন রশিদ। ৫৭ রানে আট উইকেট হারায় প্রোটিয়ারা। করবিন বশকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকার কফিনে সর্বশেষ পেরেকটি মারেন রশিদ। অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাট করতে পারেননি ইঞ্জুরির জন্য। ফলে ৭২ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হেরেছে ৩৪২ রানের বিশাল ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের পরাজয়। এর আগে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল ভারত। সেটিই ছিল এতদিন সবচেয়ে বড় ব্যবধানের রেকর্ড।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫১ বলে ৫৯ রান এনে দেন জেমি স্মিথ ও বেন ডাকেট। ডাকেটকে আউট করে প্রথম উইকেট এনে দেন করবিন বশ। দ্বিতীয় উইকেটেও ৪৭ বলে ৫৮ রানের জুটি পায় ইংল্যান্ড।তবে ইংল্যান্ডকে রান পাহাড়ে নিয়ে যান রুট,বেথেল ও বাটলার।দলের হয়ে ৮২ বলে ১৩টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১১০ রান করেন জেকব বেথেল। ৯৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন জো রুট। ৪৮ বলে ৯টি চার আর এক ছক্কায় ৬২ রান করেন ওপেনার জেমি স্মিথ। ৩২ বলে ৮টি চার আর এক ছক্কার সাহায্যে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন জস বাটলার।