নির্বাচন হলে সংকট আরও গভীর হবে: আনিসুল ইসলাম

0
37

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টিও নির্বাচন চায়, তবে তার আগে দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সংকট আরও বাড়বে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক মন্দা, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য ও সন্ত্রাস প্রবল। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব, সে বিষয়টি সরকারকেই ভাবতে হবে।

তিনি আরও বলেন, এখনো দেশে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। সরকার নতুন আইন করলেও তার সুফল জনগণ পাচ্ছে না। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নামে যদি মিথ্যা মামলা হয়, তবে তারা এলাকায় প্রচারণা চালাতে পারবে না। অথচ এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

দলীয় প্রতীক নিয়ে তিনি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে কাউন্সিল সম্পন্ন হওয়ায় জাতীয় পার্টির প্রতীক ‘লাঙ্গল’ তাদের পক্ষেই থাকবে।

ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় প্রসঙ্গে তিনি বলেন, বড় দলের কর্মীসংখ্যা বেশি থাকলেও জনসমর্থন না থাকলে জয় আসবে না—ডাকসুর ফলাফল তার প্রমাণ।

সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও শিবিরের বিজয়কে অভিনন্দন জানিয়ে বলেন, এই নির্বাচনে ছাত্রসমাজ পরিবর্তন ও নতুন ধারার পক্ষে রায় দিয়েছে। ডাকসু নির্বাচন এবং গত বছরের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া জরুরি। অহংকার ও একচ্ছত্র দম্ভ পতনের কারণ হতে পারে, ইতিহাস তা দেখিয়েছে।

তিনি আরও বলেন, ‘লাঙ্গল প্রতীক এখন নিরাপদ নেতৃত্বের হাতেই রয়েছে। জি এম কাদের এরশাদের ভাই সূত্রে দায়িত্ব পেলেও কোনো আন্দোলন গড়ে তুলতে পারেননি। অথচ আমরা সকল নিয়মকানুন মেনে সম্মেলন করেছি। তাই লাঙ্গল আমাদের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বেই থাকবে।’

সভায় আরও বক্তব্য দেন দলের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।