বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে যাচ্ছে। সদ্য সমাপ্ত আন্তর্জাতিক ম্যাচগুলোর ফলাফলের পর আগামী ১৮ সেপ্টেম্বর প্রকাশিত হতে যাওয়া নতুন র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠবে স্পেন। দ্বিতীয় অবস্থানে থাকবে ফ্রান্স এবং তৃতীয় স্থানে নামবে আর্জেন্টিনা।
২০২৩ সালের এপ্রিল থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট ১৮৮৫.৩৬। তবে সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী স্পেনের পয়েন্ট দাঁড়াচ্ছে ১৮৬৭.০৯ এবং ফ্রান্সের ১৮৬২.০৩। ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলের পরাজয়ের ফলে বড় রকমের পয়েন্ট হারায় আর্জেন্টিনা, যা তাদের অবস্থান নিচে নামিয়ে দেয়।
র্যাঙ্কিং পদ্ধতি অনুযায়ী, তুলনামূলকভাবে নিচু র্যাঙ্কিংয়ের দলের কাছে হেরে গেলে পয়েন্ট বেশি কাটা পড়ে। ২৩তম স্থানে থাকা ইকুয়েডরের কাছে হারায় এমনটিই হয়েছে আর্জেন্টিনার ক্ষেত্রে। অন্যদিকে, স্পেন ইউরোপিয়ান বাছাইপর্বে বুলগেরিয়াকে ৩-০ এবং তুরস্ককে ৬-০ গোলে হারিয়ে উল্লেখযোগ্য পয়েন্ট অর্জন করেছে। ফ্রান্সও তাদের দুটি ম্যাচেই জয় পেয়েছে।
তবে এই র্যাঙ্কিং পতনকে অনেক আর্জেন্টাইন সমর্থক নেতিবাচকভাবে দেখছেন না। ফুটবলবিশ্বে একটি প্রচলিত কুসংস্কার আছে, ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল কখনো বিশ্বকাপ জিততে পারে না। বাস্তবে এমন উদাহরণও রয়েছে, ২০২২ বিশ্বকাপে এক নম্বরে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়, ২০১৪ সালে স্পেন এবং ২০১৮ সালে জার্মানি শীর্ষে থেকেই প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়। তাই অনেকেই মনে করছেন, শীর্ষস্থান হারানো হয়তো আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।
আর্জেন্টিনা আগামী অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বলে জানা গেছে। তবে এসব ম্যাচে বড় পয়েন্ট পাওয়ার সম্ভাবনা কম। তাই ইউরোপিয়ান শক্তিধর দলগুলোর বিপক্ষে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো ফলই আর্জেন্টিনাকে আবার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরিয়ে নিতে পারে।
স্পেন সর্বশেষ ২০১৪ সালের বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। দীর্ঘ ১১ বছর পর আবারও র্যাঙ্কিংয়ের চূড়ায় ফিরছে লা রোহারা।

