ইসরায়েলি হামলার পর দোহায় ল্যাভরভের সঙ্গে কাতারের মন্ত্রীর বৈঠক

0
32

ইসরায়েলের নজিরবিহীন হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা বাড়ছে, তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কৃষ্ণসাগর উপকূলের রুশ রিসোর্ট শহর সোচিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাশিয়া-উপসাগরীয় আরব সহযোগিতা পরিষদের (জিসিসি) কৌশলগত সংলাপের পূর্ণাঙ্গ অধিবেশনে ল্যাভরভ বলেন, ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার ফলে মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা তীব্রভাবে বেড়েছে।

তিনি আরও বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে এই হামলার খবর পেয়েছি। আমরা এটিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচনা করি, যা জাতিসংঘ সনদের মূলনীতির পরিপন্থী। একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর এই ধরনের হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। এই ধরনের কর্মকাণ্ড কঠোরতম নিন্দার যোগ্য।”

৯ সেপ্টেম্বর দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের পর ইসরায়েল দাবি করে, তারা হামাস প্রতিনিধিদের ওপর হামলা চালিয়েছে। তবে, হামাস জানিয়েছে, এতে তাদের শীর্ষ নেতাদের কোনো ক্ষতি হয়নি। কাতার জানিয়েছে, এই হামলায় তাদের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।