চলতি মাসেই অংশীজনের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন

0
36

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষিত কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, ওই সময় থেকেই ধাপে ধাপে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবে কমিশন। সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে সংশ্লিষ্টদের আমন্ত্রণপত্র পাঠানো হবে।

ঘোষিত রোডম্যাপে উল্লেখ আছে—নিবন্ধিত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, নারী সমাজ, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, নির্বাচন বিশেষজ্ঞ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়া এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

সংলাপ শুরুর তারিখ নিয়ে প্রশ্ন করলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকেই সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে।”

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি, তবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়াও চলমান আছে। রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার কথা।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নতুন ২২টি রাজনৈতিক দলের মাঠপর্যায়ের যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট তথ্য কমিশনে উপস্থাপন করা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তিনি আরও বলেন, প্রতীক সংক্রান্ত বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন সম্পন্ন করাই কমিশনের লক্ষ্য, যাতে রোডম্যাপের কার্যক্রমে বিলম্ব না ঘটে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য মোট ১৪৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১২১টি আবেদন বাতিল হয় এবং ২২টি দল মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ে অংশ নেয়। বাতিল হওয়া দলগুলোকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ইসি।