পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা

0
29

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের হাতে তুলে দেন।

চিঠিতে পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা ও শোক প্রকাশ করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভ্রাতৃপ্রতিম পাকিস্তানি জনগণের পাশে রয়েছে। তিনি আরও আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে পাকিস্তান ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ দুর্যোগ অতিক্রম করবে। প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেছেন তিনি।

বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠেছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি নিউইয়র্ক ও কায়রোতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার প্রসঙ্গ টেনে এনে তার দূরদর্শী নেতৃত্ব ও দারিদ্র্য বিমোচনে অবদানের প্রশংসা করেন।