মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় চীনা নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নাসায় ঠিকাদার বা গবেষণা কার্যক্রমে যুক্ত শিক্ষার্থী হিসেবেই চীনা নাগরিকরা কাজ করতেন। তবে গত ৫ সেপ্টেম্বর তাদের জানানো হয়, নাসার সব ধরনের সিস্টেম ও স্থাপনাগুলোতে তাদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে।
নাসাও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, “আমাদের কাজের নিরাপত্তা বজায় রাখতে চীনা নাগরিকদের সংস্থার স্থাপনা, উপকরণ ও নেটওয়ার্ক ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।”
এর আগে চীনা নভোচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকেও বাদ দেওয়া হয়েছিল। কারণ হিসেবে ওয়াশিংটন নাসাকে চীনের সঙ্গে তথ্য ভাগাভাগি না করার নির্দেশ দিয়েছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিগত আধিপত্যের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীন এখন একে অপরের ব্যাপারে আরও সতর্ক। এর প্রভাব পড়ছে চীনা শিক্ষার্থীদের ওপরও। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। এমনকি ভিসা পেলেও অনেক ক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

