ভারত-পাকিস্তান ম্যাচে নেই আইনি বাধা, সুপ্রিম কোর্টে আবেদন খারিজ

0
50

চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) করা হয়েছিল, যা শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছেন আদালত। এই আবেদন করেছিলেন চারজন আইনের শিক্ষার্থী, যাদের নেতৃত্বে ছিলেন উর্বশী জৈন।

আবেদনে বলা হয়েছিল, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা এবং সেই প্রেক্ষাপটে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর পর এত দ্রুত ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজন জাতীয় মর্যাদার পরিপন্থী। এতে শহীদ সৈনিকদের আত্মত্যাগ ও সাধারণ নাগরিকদের আবেগকেও উপেক্ষা করা হয় বলে দাবি করা হয়।

তবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিচারপতি জে কে মহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। শুনানিতে বিচারপতি মহেশ্বরী মন্তব্য করেন, “কী দরকার এসবের? এটা কেবল একটা ম্যাচ। হতে দিন। রোববার ম্যাচ আছে, আমরা এখন এতে কীই বা করতে পারি? খেলা চলবে, কোনো না কোনো পক্ষ খেলবে।”

এর ফলে, ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা থাকল না। এশিয়া কাপের গ্রুপ পর্বে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।