রাজধানীর মিরপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১) পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫), ২) চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ (২৯), ৩) চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো. জুলহাস (২৬), ৪) ছাত্রলীগের সক্রিয় কর্মী ইমন হোসেন খান মানিক (২৫), ৫) আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন (২৭)
৬) আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)
ডিএমপির মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ১১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে মিরপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন সদস্য মুখে মাস্ক পরে মিরপুরের পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।
এই সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুর ২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও নিষিদ্ধ সংগঠনের ৩০-৪০ জন সদস্য সরকারবিরোধী স্লোগান দিতে দিতে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়, বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

