পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে ফের ভয়াবহ ভূমিধস হয়েছে। গভীর রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গেজিং জেলার পুলিশ সুপার শেরিং সেরপা জানিয়েছেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। জীবিত উদ্ধার হওয়া একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থা স্পষ্ট নয়।
পুলিশ ও এসএসবি জওয়ানরা স্থানীয়দের সহযোগিতায় ধ্বংসস্তূপ থেকে মোট পাঁচজনকে উদ্ধার করে। তাদের মধ্যে দু’জনকে জীবিত পাওয়া গেলেও একজন পরে মারা যান। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।
ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে বর্ষা শুরুর পর থেকে বন্যা ও ভূমিধস অব্যাহত রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরেও প্রতিদিনই ধস ও বন্যার খবর আসছে। সুপ্রিম কোর্ট পরিবেশ নিধনকে এই পরিস্থিতির জন্য দায়ী করে কয়েকটি রাজ্যকে নোটিস পাঠিয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

