বিশ্বকাপে জায়গা না পাওয়ায় বরখাস্ত ভেনেজুয়েলা ও পেরুর কোচ

0
56

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। সরাসরি ছয়টি দেশ এরই মধ্যে আসন্ন আসরের টিকিট নিশ্চিত করেছে। সপ্তম দল নির্ধারিত হবে প্লে-অফের মাধ্যমে। তবে সুযোগ হারিয়েছে ভেনেজুয়েলা ও পেরু। মূলপর্বে উঠতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত হয়েছেন দুই দেশের প্রধান কোচ।

ভেনেজুয়েলা কখনোই বিশ্বকাপে খেলতে পারেনি। এবারের বাছাইয়ে তাদের শেষ রাউন্ডে কলম্বিয়াকে হারানো ছাড়া উপায় ছিল না। কিন্তু তারা হেরে যায় ৬-৩ গোলে। ফলে অষ্টম স্থানে থেকে আবারও স্বপ্নভঙ্গ হলো লাতিন দেশটির। এর মধ্যে বলিভিয়া ব্রাজিলকে হারিয়ে সপ্তম স্থানে উঠে যাওয়ায় ভেনেজুয়েলার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া দলটির কোচ ফার্নান্দো বাতিস্তা (৫৫) তাই চাকরি হারান। দেশটির ফুটবল ফেডারেশন জানায়, প্রত্যাশিত লক্ষ্য অর্জন না করায় তার সঙ্গে চুক্তি শেষ করা হয়েছে।

অন্যদিকে, পেরু শেষ করেছে বাছাইপর্বের লড়াই টেবিলের নবম স্থানে থেকে। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১২ পয়েন্ট। ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, ব্রাজিল ও প্যারাগুয়ের সঙ্গে তাল মেলাতে না পারায় বিদায় নিয়েছে লাতিন আমেরিকার এই দল। কোচ ওস্কার ইবানেজ (৫৮) ছিলেন অন্তর্বর্তীকালীন দায়িত্বে। তার অধীনে ৬ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে পেরু। বাছাই শেষ হতেই তার পথচলাও শেষ হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। এগুলো হলো—আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, ব্রাজিল ও প্যারাগুয়ে। সপ্তম স্থানে থাকা বলিভিয়ার সামনে আছে প্লে-অফ খেলে মূলপর্বে ওঠার সুযোগ।