রাজধানীতে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

0
60

রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকায় রাস্তার পাশ থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রেখসানা বেগম (৪২), বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানার সুতাবাড়িয়া গ্রামে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে হাজী লাল মিয়া সরদার রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি একটি প্লাস্টিকের বস্তায় ছিল এবং মুখমণ্ডল আংশিক গলিত অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতের বাবার নাম হাতেম হাং।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তদন্তে আরও অগ্রগতি আশা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।