ইউরোপের পূর্ব সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া “জাপাদ-২০২৫” শুরু হওয়ার পর পোল্যান্ড সীমান্তে সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। বর্তমানে থাকা ১০ হাজার সেনার পরিবর্তে সেখানে মোতায়েন করা হবে প্রায় ৪০ হাজার সেনা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, মহড়ায় ইতিমধ্যে ৩০ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে। পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমচিক জানিয়েছেন, ন্যাটো ও পোলিশ সেনাদের উপস্থিতি এখন অত্যন্ত জরুরি, কারণ এই মহড়ার প্রকৃতি আক্রমণাত্মক।
শুধু সেনা মোতায়েন নয়, সাম্প্রতিক ঘটনাও সীমান্তে উদ্বেগ বাড়িয়েছে। ৯–১০ সেপ্টেম্বর রাতে রাশিয়ার ১৯টি ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে হুমকি সৃষ্টিকারী ড্রোন ভূপাতিত করা হলেও, রাশিয়া অভিযোগ অস্বীকার করেছে। বেলারুশ দাবি করেছে, কিছু ড্রোন “পথ হারিয়ে ফেলেছিল।”
এদিকে, ইউক্রেন পোল্যান্ডকে সীমান্ত সতর্কীকরণ ব্যবস্থা জোরদারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস এক বিবৃতিতে বলেন, “রাশিয়ার এই পদক্ষেপ গুরুতর উসকানি, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তিকে হুমকির মুখে ফেলেছে।”
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

