শার্শার গোগা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জন আটক

0
42

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে গোগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), একই থানার পাতালিয়া গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) এবং পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে গোগা সীমান্ত দিয়ে কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেন। এ সময় পাসপোর্ট বা ভিসা ছাড়া সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ওই চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।