জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। তারা স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬:৩০টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাদের উষ্ণ স্বাগত জানান।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
প্রতিনিধি দলটি বৃহস্পতিবার দুপুর ১:৩০টার ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা করেছিল।
প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।
সফরের সময় তারা টোকিও ও ওসাকায় প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

