ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্যাকিংয়ের ঘটনাও বেড়েছে। অনেকেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে বিপাকে পড়ছেন, কখনো প্রিয়জনদের কাছে বিব্রত হচ্ছেন, আবার কখনো অর্থনৈতিক প্রতারণার শিকার হচ্ছেন। তবে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে হ্যাকড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব।
হ্যাক হলে করণীয়
১. পাসওয়ার্ড রিসেট করুন
যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে মনে হয়, তবে প্রথমে পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করুন। ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে ‘Forgot Password?’ অপশন নির্বাচন করুন। অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, ইমেইল আইডি, বা ইউজারনেম ব্যবহার করে অ্যাকাউন্ট শনাক্ত করুন। ফেসবুক আপনার ইমেইল বা ফোনে একটি কোড পাঠাবে, যা ব্যবহার করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।
২. হ্যাকার ইমেইল/ফোন নম্বর পরিবর্তন করলে
কখনো কখনো হ্যাকাররা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল বা ফোন নম্বর পরিবর্তন করে ফেলে, যার কারণে সাধারণ পদ্ধতিতে পাসওয়ার্ড রিসেট করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ফেসবুকের অফিসিয়াল হ্যাকড অ্যাকাউন্ট রিপোর্টিং পেজে যান: www.facebook.com/hacked। সেখানে ‘My Account is Compromised’ অপশন নির্বাচন করুন।
এরপর পুরনো ইমেইল, ফোন নম্বর, বা ইউজারনেম দিয়ে অ্যাকাউন্ট শনাক্ত করতে হবে। ফেসবুক ক্যাপচা পূরণের পর নিরাপত্তামূলক কিছু প্রশ্ন করবে, যেমন পুরনো পাসওয়ার্ড, বন্ধুদের নাম, বা পূর্ববর্তী পোস্ট সম্পর্কিত তথ্য। সঠিক তথ্য প্রমাণ করতে পারলে ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সুযোগ দেবে।
৩. বন্ধুদের সতর্ক করুন
হ্যাকড অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা প্রায়ই বন্ধুদের কাছে আপত্তিকর বার্তা, ছবি, বা ভিডিও পাঠায়, এমনকি টাকা চেয়ে প্রতারণার চেষ্টা করে। কখনো কখনো স্প্যাম লিংক ছড়িয়ে অন্যদের অ্যাকাউন্টকেও বিপদে ফেলে। তাই দ্রুত বন্ধুদের জানিয়ে দিন যে আপনার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং এটি থেকে আসা কোনো বার্তা বা অনুরোধে সাড়া না দেওয়ার জন্য।
৪. নিরাপত্তা বাড়ান
অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পর সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করুন:
শক্তিশালী পাসওয়ার্ড: অক্ষর, সংখ্যা, এবং বিশেষ চিহ্ন মিলিয়ে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA): এটি চালু করুন, যাতে লগইনের সময় অতিরিক্ত নিরাপত্তা কোড প্রয়োজন হয়।
অপ্রয়োজনীয় ডিভাইস লগআউট: পুরনো বা অপ্রয়োজনীয় ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগআউট করুন।
অ্যাক্টিভিটি মনিটরিং: নিয়মিত অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি লগ চেক করুন।
প্রতিরোধমূলক ব্যবস্থা
হ্যাকিং প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। ফেসবুকের নিরাপত্তা সেটিংস সম্পর্কে জানুন এবং নিয়মিত আপডেট করুন। অপরিচিত লিংক এড়িয়ে চলুন এবং সন্দেহজনক বার্তার জবাব দেবেন না। এই সতর্কতা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে নিরাপদ রাখা সম্ভব।

