‘আ. লীগের ভোট জামায়াত পেয়েছে বলা মানে দলকে আরও বিপদে ফেলা’: রুমিন ফারহানা

0
57

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের ভোট জামায়াত পেয়েছে— এ ধরনের মন্তব্য আসলে দলকে আরও বিপদে ফেলে। তিনি মনে করেন, এমন বক্তব্য দেওয়ার আগে দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

রুমিন বলেন, “আমার কাছে মনে হয় যারা পরাজিত হয়েছেন, তারা ডিনায়েলে না থেকে ঠাণ্ডা মাথায় সঠিক বিশ্লেষণ করা উচিত। যেমন ধরুন ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী পেয়েছে ৫-৬ হাজার ভোট। অন্যদিকে শিবিরের প্রার্থী পেয়েছে ১৪ হাজার ভোট। এখন ৯ হাজার ভোটের যে ব্যবধান, তা যদি বলা হয় ছাত্রলীগের ভোট শিবিরে গেছে, তবে আপনি আসলে কী বলতে চাইছেন? এসব কথাবার্তা দলকে আরও বিভ্রান্ত করে।”

তিনি আরও বলেন, “রাজনীতির ধরন এখন বদলে গেছে। নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া কিংবা আমাদের বাংলাদেশ— সব জায়গাতেই রাজনীতিতে এক ধরনের প্যারাডাইম শিফট হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এই পরিবর্তনের পালস ধরতে না পারে, তবে সেটা ছাত্র সংসদ, স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচন— যেকোনো জায়গায়ই তাদের মূল্য দিতে হবে।”

রুমিন ফারহানা উদাহরণ টেনে বলেন, “এক সময় বয়ানের রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্স প্রভাবশালী ছিল। যেমন বাঙালি জাতীয়তাবাদ, ধর্মভিত্তিক বা ভাষাভিত্তিক রাজনীতি। ভারতের দিকে তাকান— সেখানে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে প্রতিদিন আরও উগ্র হয়ে ওঠার প্রতিযোগিতা চলছে। আবার অন্যদিকে দিল্লিতে আম আদমি পার্টি জনগণের কল্যাণভিত্তিক রাজনীতি করছে। অর্থাৎ ওয়েলফেয়ার পলিটিক্স এখন অনেক বেশি প্রাসঙ্গিক।”

ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তিনি বলেন, “বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ, বাঙালি না বাংলাদেশি, ধর্মভিত্তিক— এসব বয়ানের রাজনীতি টিকিয়ে রাখা যাবে না। দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে রাজনৈতিক দলগুলোকে জনগণের কল্যাণকেন্দ্রিক রাজনীতির দিকে মনোযোগী হতে হবে। ওয়েলফেয়ার পলিটিক্স ছাড়া সামনে আর কোনো বিকল্প নেই।”