উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখায় মৃত্যুদণ্ড

0
35

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা ও টিভি সিরিজ দেখা কিংবা শেয়ার করার অপরাধে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে দেশটি নাগরিকদের জীবনের প্রায় প্রতিটি বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়া তাদের নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। দেশটি থেকে পালিয়ে যাওয়া ৩০০ জনেরও বেশি মানুষের সাক্ষাৎকার নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ছয়জন জানিয়েছেন, তারা মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেয়ে পালাতে সক্ষম হয়েছেন।

পালিয়ে আসা সাক্ষীদের দাবি, ২০২০ সালের পর থেকে বিদেশি কনটেন্ট শেয়ার করার কারণে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়েছে। এসব ঘটনায় অভিযুক্তদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টার্ক সতর্ক করে বলেছেন, যদি এ পরিস্থিতি অব্যাহত থাকে, তবে উত্তর কোরিয়ার মানুষ আরও ভয়াবহ দুর্ভোগ, নির্মম নিপীড়ন ও চরম আতঙ্কের মুখে পড়বে। তার ভাষায়, “বিশ্বে আর কোনো জনগোষ্ঠী এত নিপীড়নের শিকার নয়।”