কর্ণাটকে গণেশ বিসর্জনে ট্রাক দুর্ঘটনা, নিহত ৮

0
50

ভারতের কর্ণাটক রাজ্যে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে হাসান বিভাগের মোসালেহোসাহাল্লি গ্রামে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দ্রুতগতির একটি ট্রাক সড়ক বিভাজক ভেঙে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং বহু মানুষকে চাপা দেয়।

টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুর্ঘটনার সময় গ্রামবাসীরা চারলেন মহাসড়কের এক পাশে দলবদ্ধ হয়ে বিসর্জন করছিলেন। পুলিশ আরেক পাশে যান চলাচল স্বাভাবিক রেখেছিল। রাত সাড়ে ৮টার দিকে ট্রাকটি এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি শোভাযাত্রায় ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার মাত্র পাঁচ মিনিট পরেই বিসর্জন শেষ হওয়ার কথা ছিল।

আহতদের হাসান মেডিকেল ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে পাঁচজন স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী, যারা ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রে রেজিস্ট্রেশন করা ট্রাকটি চালাচ্ছিলেন ভুবনেশ নামে এক চালক। তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করে কর্ণাটক রাজ্য সরকার নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস