জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল

0
44

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম।

এছাড়া, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। পুরুষ এজিএস পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান, আর নারী এজিএস পদে জয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

ফলাফল অনুযায়ী—

ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩৩৩৪ ভোট

জিএস পদে মাজহারুল ইসলাম পেয়েছেন ৩৯৩০ ভোট

এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান পেয়েছেন ২৩৫৮ ভোট

এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন ৩৪০২ ভোট

অন্যান্য পদে নির্বাচিতরা:

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান

খাদ্যনিরাপত্তা সম্পাদক: হুসনি মোবারক

সহ-সমাজসেবা সম্পাদক: তৌহিদ হাসান

সমাজসেবা সম্পাদক: আহসান লাবিব

তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম

সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মাহাদী হাসান

সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আকতার

সহ-সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা

সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দীন

সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম

কার্যকরী সদস্য (নারী): নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান
কার্যকরী সদস্য (পুরুষ): মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা, তারিকুল ইসলাম

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

জানা গেছে, ভিপি পদে নির্বাচিত আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্মের আহ্বায়ক। কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে প্রথমে মার খেয়ে আহত হন। পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দেন। ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন পরিচালনার পর সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন প্ল্যাটফর্ম গড়ে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিতে থাকেন।

অন্যদিকে, জিএস পদে জয়ী মাজহারুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয়। সেদিন রাত ১০টার পর থেকে ভোট গণনা শুরু হয়ে প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।