বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারাদেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে এক বার্তায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য দেন।
তিনি জানান, পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে গত দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বেড়েছে, যা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে। বিশেষ করে ঢাকায় দিনভর গুমোট পরিবেশের পাশাপাশি আকাশ মেঘলা থাকবে এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ বলেন, লঘুচাপ হলে আশপাশের বাতাস ওই অঞ্চলে ছুটে যায়, এতে বাতাসের আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি বাড়ায়। সাধারণত বর্ষাকালে এমন পরিস্থিতিতে কয়েক দিন টানা বৃষ্টি হয়ে থাকে।
এর আগে শুক্রবার রাতের পূর্বাভাসে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের তাপমাত্রা কিছুটা কমবে।

