নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর ডিনার

0
39

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি নিউইয়র্কে একসঙ্গে রাতের খাবার খান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে হওয়া এ ডিনারে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর পর কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যান। ওয়াশিংটনে তার এ কূটনৈতিক তৎপরতার মূল বিষয় ছিল ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং কাতারে সরাসরি হামলা।

কাতারের ডেপুটি চিফ অব মিশন হামাহ আল-মুফতাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন— “মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অসাধারণ ডিনার।”

হোয়াইট হাউসও এ ডিনারের সত্যতা নিশ্চিত করেছে, তবে আলোচনার বিস্তারিত জানায়নি।

এর আগে গত সপ্তাহে দোহায় ইসরায়েলি বিমানবাহিনী অন্তত ১২টি মিসাইল নিক্ষেপ করে। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো এ হামলায় তারা প্রাণে বেঁচে গেলেও ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে একজন কাতারি সেনা এবং পাঁচজন ফিলিস্তিনি নাগরিক।

ঘটনার পর থেকেই কাতারের প্রধানমন্ত্রী, যিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন, যুক্তরাষ্ট্রে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেন।

কাতারকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে আল উদেইদ নামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে বড় বিদেশি বিমানঘাঁটি অবস্থিত। তা সত্ত্বেও ইসরায়েল দোহায় হামলা চালায় এবং যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি কাতারকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া হবে না।

সূত্র: রয়টার্স, আলজাজিরা