হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় দিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ। সুপার ফোরে জায়গা পাকা করার লক্ষ্যে এবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে আটটায় আবু ধাবিতে শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৪৩ রানে আটকে দেয় প্রতিপক্ষকে। তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন প্রত্যেকে নেন দুটি করে উইকেট।
জবাবে অধিনায়ক লিটন দাসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ওপেনার দ্রুত ফিরলেও তৃতীয় উইকেটে লিটন ও তাওহিদ হৃদয়ের ৭০ বলে ৯৫ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। লিটন ৩৯ বলে ৫৯ রান করে আউট হন জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে। হৃদয় ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করেন।
এবার লক্ষ্য শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ম্যাচের আগে দলের পেসার তানজিম বলেন, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাই। ম্যাচ জেতাই আমাদের মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কার খেলোয়াড়দের আমরা ভালোভাবে চিনি। পরিকল্পনা অনুযায়ী মাঠে নামব। অতীতে তাদের বিপক্ষে সিরিজ জেতা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
গত জুনে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা টেস্ট ১-০ ও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে। এশিয়া কাপের আগে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ২-০ ও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাসী লঙ্কানরা। শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, ‘বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও আমাদের পারফরম্যান্স ভালো ছিল। জিম্বাবুয়ে সফরের পারফরম্যান্সও আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।’
এ পর্যন্ত দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি এবং শ্রীলঙ্কা ১২টি ম্যাচ।

