মোটরসাইকেল পোড়ানোর মামলায় অব্যাহতি পেলেন ফখরুল, গয়েশ্বর ও আব্বাস

0
40

ঢাকার শাহবাগ থানা এলাকায় মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ মোট ৭০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার রিয়াজ চৌধুরী।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।

অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য ছিল। এর আগের দিন, ১১ ডিসেম্বর শাহবাগ থানার হাইকোর্ট মাজার গেইট সংলগ্ন এলাকায় আসামিরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চলতি বছরের ১০ মে তদন্তকারী কর্মকর্তা বিএনপি মহাসচিবসহ ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।