নেপালে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সুশীলা কার্কি আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। রাজধানী কাঠমান্ডুর সিংহ দরবারে স্থাপিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনেই হবে তার নতুন কার্যালয়। খবর দিয়েছে নেপালি সংবাদমাধ্যম দ্য খবর হাব ইংলিশ।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সকালে স্বাগত অনুষ্ঠানে অংশ নিতে ডাকা হয়েছে।
গত শুক্রবার রাতে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেলের কাছে শপথ নেন সুশীলা কার্কি। এর মাধ্যমে নেপালের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিলেন সাবেক এই প্রধান বিচারপতি। উল্লেখ্য, তিনি দেশটির প্রধান বিচারপতি পদেও প্রথম নারী ছিলেন।
কার্কির নতুন দপ্তরের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের কার্যালয় থেকে। সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগে পূর্ববর্তী কার্যালয়গুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আজ রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার অন্তর্বর্তী মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নাম ঘোষণা করতে পারেন।

