সাগর-রুনি হত্যা: তদন্তে আদালতের অসন্তোষ, আপ্রাণ চেষ্টা করার নির্দেশ

0
55

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছে আদালত। পাশাপাশি তদন্তে দৃশ্যমান অগ্রগতি আনতে তদন্ত কর্মকর্তাকে আপ্রাণ চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে মামলার তদন্ত অগ্রগতি নিয়ে শুনানি শুরু হয়।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে এ সময় উপস্থিত ছিলেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক। বিচারক তাকে জিজ্ঞেস করেন, “আপনি কি সিআইডিতে?” উত্তরে তিনি জানান, “না স্যার, আমি পিবিআইতে।” এরপর বিচারক জানতে চান, “এই মামলার তদন্তে কতদূর অগ্রগতি হয়েছে?”

জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, “উচ্চ আদালতের নির্দেশে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত শুরু হয়। পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমি সংশ্লিষ্ট সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও ডিএনএ বিশেষজ্ঞদের জিজ্ঞাসাবাদ করেছি। এতে দুইজনের মিশ্রিত ডিএনএ পাওয়া গেছে। তবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এজন্য প্রতিবেদন দাখিলে দেরি হচ্ছে। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় উচ্চ আদালত থেকে আরও সময় নেওয়া হয়েছে।”

বিচারক মন্তব্য করেন, “বুঝলাম। আগের তদন্ত কর্মকর্তাও একই কথা বলেছেন। আপনার তদন্তের অগ্রগতিতে আদালত অসন্তুষ্ট। আপনি আপ্রাণ চেষ্টা করবেন।” এরপর আগামী ৩০ নভেম্বরের মধ্যে পরবর্তী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, এ মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় এখন পর্যন্ত ১২১ বার সময় নেওয়া হয়েছে। এর আগে, গত ১১ আগস্ট মামলার তদন্তের অগ্রগতি জানতে তদন্ত কর্মকর্তাকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন একই আদালত।