সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের ঘটনায় পদ স্থগিত হওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে (৫৪) গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাহাব উদ্দিন পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি তাকে পদ থেকে স্থগিত করে। দলীয় সিদ্ধান্তে জানানো হয়, চাঁদাবাজি, দখলবাজি ও বিএনপির নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেট মহানগরের কোতোয়ালি ও কোম্পানীগঞ্জ থানায় মোট সাতটি মামলা রয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাহাব উদ্দিন সাদাপাথর লুটপাটের অন্যতম মূল হোতা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর একটি দল নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সাদাপাথর লুটের ঘটনায় গত ১৫ আগস্ট খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করে। ওই মামলায় সাহাব উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়। মামলায় অজ্ঞাতনামা এক হাজার থেকে এক হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
উল্লেখ্য, গত ৮, ৯ ও ১০ আগস্ট সাদাপাথর পর্যটনকেন্দ্রের সব পাথর লুট হয়ে যায়। এ ঘটনার জেরে তৎকালীন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয় এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়।

