জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার সাভারে তুহিন আহমেদ হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক মো. আশিক ইমাম জানান, গত ১ ফেব্রুয়ারি আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়। আজ নির্ধারিত দিনে কেরানীগঞ্জ কারাগার থেকে এনামুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন এবং পুনরায় কারাগারে পাঠান।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই সাভার মডেল থানার আরএস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে আন্দোলনে অংশ নেন তুহিন আহমেদ। এ সময় আসামিদের এলোপাতারি গুলিতে তুহিন গুরুতর আহত হন। তার পেটে গুলি লাগলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।
চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন ঢাকার সিএমএম আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

