নতুন রূপে পুরনো লড়াই, এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান মহারণ

0
47

এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কোটি ভক্তের দৃষ্টি আজ এই ম্যাচের দিকে। খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এটি শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, আবেগ এবং রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন। গত মে মাসে দুই দেশের সীমান্তে সংঘাতের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে তারা, ফলে আজকের ম্যাচে বাড়তি মাত্রা যোগ হয়েছে।

দুই দলই আজ নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে মাঠে নামছে। ভারত দলে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি। পাকিস্তানের একাদশেও জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞদের।

ভারত খেলছে টানা সফলতার আত্মবিশ্বাস নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলটির হাতে আছে জসপ্রীত বুমরার গতি, শুবমান গিলের ধারাবাহিকতা, সূর্যকুমার যাদবের বিস্ফোরণ এবং কুলদীপ যাদবের ঘূর্ণি। অন্যদিকে পাকিস্তান নির্ভর করছে নতুন তারকাদের ওপর—মোহাম্মদ হারিস, সাইম আয়ুব, শাহেবজাদা ফারহান। সঙ্গে আছে তাদের ঐতিহ্যবাহী পেস আক্রমণ ও নতুন স্পিন ত্রয়ী।

পাকিস্তানের সর্বশেষ জয় এসেছিল ২০২২ সালের এশিয়া কাপে, বাবর আজমদের রোমাঞ্চকর পাঁচ উইকেটের সাফল্যে। তবে এরপর থেকে ভারতই পুরোপুরি আধিপত্য করেছে।

২০২৩ এশিয়া কাপে ভারত ২২৮ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে পাকিস্তানকে—ওয়ানডেতে তাদের বিপক্ষে সবচেয়ে বড় জয়।

একই বছর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপেও একপেশে ম্যাচ জেতে ভারত।

নিউইয়র্কের কঠিন উইকেটে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং ভেঙে পড়ে।

চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানকে হারায় ভারত।

একসময় সমানে সমান লড়াই হলেও সাম্প্রতিক বছরগুলোতে দ্বৈরথ স্পষ্টভাবেই ভারতের দিকেই ঝুঁকেছে।

দুবাইয়ের আবহাওয়া ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। রবিবার দিনের তাপমাত্রা পৌঁছাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে, যা খেলোয়াড়দের জন্য কন্ডিশন কঠিন করে তুলবে।

দুবাইয়ের উইকেট সাধারণত হাই-স্কোরিং নয়। পেসাররা এখানে বেশি কার্যকর হন, তবে মাঝের ওভারে রানের প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।