সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

0
36

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ইতোমধ্যেই ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে, যা আগামী ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে। এ সময়ে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অফিসের তথ্যানুসারে, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ মৌসুমি বায়ুকে আরও সক্রিয় করেছে। এর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে অধিদফতর।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, “আগামী ৪ থেকে ৫ দিন থেমে থেমে সারাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেশি।”

অধিদফতরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকাসহ বড় শহরে অস্থায়ী জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।