দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ এখন ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
গত সপ্তাহে আকু বিল পরিশোধে রিজার্ভ কমে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে নেমে এলেও সম্প্রতি বৈধ পথে রেমিট্যান্স বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করে উল্টো বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে। সর্বশেষ ৪ ও ২ সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১৮ কোটি ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে দেশের রিজার্ভ ছিল ২১.৫০ বিলিয়ন ডলার। পরবর্তী অর্থবছরগুলোতে তা ধীরে ধীরে বাড়লেও ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ৪৬.৩৯ বিলিয়ন ডলারে পৌঁছে যায়। এরপর থেকে রিজার্ভ কমলেও চলতি অর্থবছরে আবার বাড়তে শুরু করেছে।

