শেরপুরে পিডিবির তার চুরি: ৯ জন গ্রেপ্তার

0
77

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রায় অর্ধকোটি টাকার ক্যাবল চুরি করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে কালিনগর বাইপাস এলাকার একটি ভাড়া ডিপো থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই ড্রাম ক্যাবল, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফরহাদ (৩২), রফিকুল ইসলাম (৪৫), শাকিল (২২), রঞ্জু (২৭), মোবারক (৩৫), তৈয়ব আলী (৩৪), সিয়াম হাসান (২০), আব্দুস সাত্তার (৩২) ও মোফাজ্জল হোসেন (২৪)। তারা সবাই ঢাকার পান্থপথের ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরএম ইন্টারন্যাশনালের কর্মচারী। প্রতিষ্ঠানটি নালিতাবাড়ীতে পিডিবির বৈদ্যুতিক লাইনের কাজ করছে। নিয়ম অনুযায়ী প্রকল্প শেষ হওয়ার পর উদ্বৃত্ত নতুন ও পুরনো ক্যাবল পিডিবিকে ফেরত দেওয়ার কথা থাকলেও তা গোপনে সরানোর চেষ্টা চলছিল।

স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোরে জনৈক হুমায়ুন কবীর হিমেলের জায়গায় ভাড়া নেওয়া ডিপোতে লাইট বন্ধ করে ২৪ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে তোলার চেষ্টা হচ্ছিল। দুই ড্রাম ট্রাকে তোলার পর স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ক্যাবল, ট্রাক ও পিকআপসহ ৯ জনকে আটক করে।

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রথমে মামলা করতে অস্বীকৃতি জানালেও পরে পুলিশের চাপের মুখে প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন।

এদিকে প্রতিষ্ঠানটির প্রতিনিধি শাওন দাবি করেছেন, দুর্বৃত্তরা তাদের অগোচরে ক্যাবল চুরি করছিল। তবে গ্রেপ্তারকৃত শ্রমিকরা জানিয়েছেন, তারা ব্যবস্থাপকের নির্দেশেই ক্যাবলগুলো ভালুকায় নিয়ে যাচ্ছিলেন।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা বলেন, “ক্যাবলগুলো জমা না দিয়ে গোপনে সরানোর চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আলামতসহ তাদের আটক করে আদালতে পাঠিয়েছি।”

নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, “ক্যাবলগুলো পিডিবির সম্পদ। এগুলো চুরি করা অপরাধ।”