পলাতক সাতজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপ-সচিব তৌছিফ আহমদের সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নিজ কর্মস্থল থেকে পলায়নের ঘটনায় বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকায় এ সাত কর্মকর্তার অনুকূলে প্রদত্ত পুলিশ পদক বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ এবং পূর্বে পাওয়া অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
পদক প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত), রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এবং এপিবিএন-১৩-তে কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।
এই কর্মকর্তারা ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে পদক পেয়েছিলেন।

