পাকিস্তানকে গুঁড়িয়ে সুপার ফোরে এক পা ভারতের

0
42

প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও দেখা গেল না দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা প্রায় নিশ্চিত করল সূর্যকুমার যাদবের ভারত। ১২৮ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ২৫ বল হাতে রেখে।

লক্ষ্য তাড়ায় নেমে ঝড় তোলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। যদিও গিল ১০ রানে ও অভিষেক ৩১ রানে ফিরে যান। তিলক ভার্মা আউট হওয়ার পর (৩১) শিভাম দুবেকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সূর্যকুমার। ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থেকে ছক্কা হাঁকিয়েই ম্যাচ শেষ করেন তিনি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ধসে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়ার আউটসুইংয়ে ক্যাচ দেন সায়েম আইয়ুব। পরের ওভারে বুমরার বলে ফেরেন মোহাম্মদ হারিস। শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। একমাত্র উজ্জ্বলতা ছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান, যিনি বুমরাকে দুবার ছক্কা মেরে ৪৪ বলে ৪০ রান করেন।

পাওয়ারপ্লের পর ভারতের স্পিনাররা চেপে ধরেন প্রতিপক্ষকে। অক্ষর প্যাটেল ফেরান ফখর জামান (১৭) ও সালমান আলী আগাকে। পরে কুলদীপ যাদব ঝলক দেখান—দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন তিনি। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ১৬ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেললেও অলআউটের লজ্জা এড়ানো ছাড়া বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান।

ভারতের হয়ে কুলদীপ নেন সর্বোচ্চ তিন উইকেট। বুমরা ও অক্ষরের শিকার দুটি করে, একটি করে নেন পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।