যশোরে বাস-ট্রাক সংঘর্ষে পুলিশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক দলনেতাসহ নিহত ৩

0
41

যশোরের বাঘারপাড়া উপজেলায় বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, এক পুলিশ কর্মকর্তা ও এক যাত্রী নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়ার মুজিদ হাওলাদারের ছেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়ার আক্তার হোসেন এবং বাঘারপাড়ার ছাতিয়ানতলার এসআই নিক্কন আঢ্য (৩৫)।

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, সড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের বাস। ধাক্কার পর বাসের সামনের কাচ ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে ভেতরে, এতে যাত্রী আক্তার হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত জাফর আলী ও নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন। নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, এসআই নিক্কন আঢ্য ৩৭তম ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্তকেন্দ্রে যোগ দেন। এর আগে তিনি র‍্যাবে কর্মরত ছিলেন।

তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, নিহতদের মরদেহ যশোর ও নড়াইলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।