আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

0
48

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৭)।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি কসবা থেকে যাত্রী নিয়ে আখাউড়ার গিরিশনগর গ্রামে যাচ্ছিল। পথে মনিয়ন্দের দীঘির যান এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক সাদেক মিয়া ও যাত্রী পপি আক্তার মারা যান।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।