আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ঘরিব

0
57

উত্তর আফ্রিকার গ্যাসসমৃদ্ধ দেশ আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন। দেশের সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও অর্থনীতিকে বহুমুখী করার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে।

রয়টার্সের খবরে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় ঘরিবকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। এর আগে তিনি শিল্পমন্ত্রী ছিলেন এবং গত মাস থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

মন্ত্রিসভায় পরিবর্তনের অংশ হিসেবে মুরাদ আজদালকে নতুন জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী করা হয়েছে। তবে অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা আগের পদেই বহাল থাকবেন।

সিফি ঘরিব দীর্ঘদিন শিল্প খাতে দায়িত্ব পালন করেছেন এবং নীতিগত অভিজ্ঞ হিসেবে পরিচিত। নাদির লারবাউইয়ের প্রধানমন্ত্রীর দায়িত্ব শেষ হওয়ার পর থেকে তিনি ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছিলেন। এবার তাকে পূর্ণ দায়িত্ব দেওয়া হলো।

অন্যদিকে, নতুন জ্বালানিমন্ত্রী মুরাদ আজদাল আগে আলজেরিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সোনেলগাজের সিইও ছিলেন। তার অভিজ্ঞতা জ্বালানি খাতে সংস্কার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহকারী দেশ আলজেরিয়া জ্বালানি খাতনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা করছে। পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক সংকটও মোকাবিলা করছে দেশটি।

তথ্যসূত্র : রয়টার্স