ইসরাইলের দুটি স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলা

0
46

ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী (ওয়াইএএফ)। তারা জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলা ও ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

ওয়াইএএফের মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, চারটি আত্মঘাতী ড্রোন ইসরাইলের রামন বিমানবন্দর ও আল-নাকাব মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এর মধ্যে তিনটি ড্রোন রামন বিমানবন্দরে এবং একটি ড্রোন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তিনি দাবি করেন, অভিযান সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইয়াহইয়া সারি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেন ফিলিস্তিনের প্রতি অবিচল সংহতি জানিয়ে আসছে এবং ইসরায়েলের কোনো হামলা ইয়েমেনের প্রতিরোধ ভাঙতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, এ হামলা আন্তর্জাতিক আইন মেনে প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। তবে ইয়েমেনি বাহিনী জানিয়ে দিয়েছে, তারা গাজা ও ইয়েমেনের ওপর হামলার জবাবে প্রতিরোধ চালিয়ে যাবে।

তথ্যসূত্র : আল মায়াদিন