দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

0
61

আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি হিন্দু সম্প্রদায়কে আগাম দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং বলেন, “পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সবার অংশগ্রহণে মিলনমেলা হয়ে উঠুক—এটাই আমাদের কামনা। ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। সবাইকে সচেতন থাকতে হবে।”

বৈঠকে পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এ বছর সারা দেশে এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে এবং প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং প্রশাসনের বিভিন্ন স্তরের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের জায়গা বরাদ্দ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি প্রধান উপদেষ্টাকে এজন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনার নেতৃত্বে আমরা নির্বিঘ্নে পূজা উদযাপনের আশাবাদী।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, “গত বছর ঢাকেশ্বরী মন্দিরে এসে আপনি বলেছিলেন, কড়া নিরাপত্তা পাহারা দিয়ে পূজা হোক এমনটা আমরা চাই না। এটি ছিল এক ঐতিহাসিক বক্তব্য। আমরা চাই পূজা সবার অংশগ্রহণে আনন্দমুখর হোক।”

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সচিব দেবেন্দ্র নাথ উঁরাও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাআনন্দসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসচ্ছল মন্দির, প্যাগোডা ও গির্জার উন্নয়ন এবং বিধবা নারীদের সহায়তায় কর্মসূচি নেওয়া হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে নতুন মন্দির নির্মাণ ও কয়েকটি মন্দিরে সংস্কারের কাজও চলছে।

প্রধান উপদেষ্টা বৈঠকের শেষে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।