১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা পাবে ৫ কোটি শিশু

0
28

আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

রোববার (১৫ সেপ্টেম্বর) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের এ টিকা দেওয়া হবে। প্রথম ধাপে আগামী ১২ অক্টোবর থেকে টানা দশ দিন ঢাকাসহ দেশের জেলা-উপজেলা পর্যায়ের স্কুল ও কলেজে টিকাদান কার্যক্রম চলবে। এরপর ১ নভেম্বর থেকে ইউনিয়ন পর্যায়ের টিকাদান কেন্দ্রগুলোতে আরও দশ দিন ধরে টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো সেন্টারে গিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে টিকা নিতে পারবে। তবে জন্মসনদ না থাকলেও শিশুরা বিস্তারিত তথ্য দিয়ে এ টিকা নিতে পারবে।

ডা. আবু জাফর বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এটি ছড়ায়। বাংলাদেশে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। এজন্য এবার এ বয়সী শিশুদের টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) দেওয়া হবে।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এ টিকা কার্যকর ও নিরাপদ। পাকিস্তান, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে এ টিকা ব্যবহার করা হচ্ছে। টিকা নেওয়ার পর সামান্য জ্বর, ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে, তবে সেগুলো দ্রুত সেরে যায়।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন ও প্ল্যানিং), পরিচালক প্রশাসন ডা. মোহাম্মদ আবু হানিফ, ইপিআই’র লাইন ডিরেক্টর ডা. মো. আব্দুল্লাহ আল মুরাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।