আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযানে মার্কিন সেনাদের হামলা, নিহত ৩

0
45

ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌযানে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সেনারা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, তার সরাসরি নির্দেশে ‘সহিংস মাদক কার্টেল ও নারকো-সন্ত্রাসীদের’ লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। যদিও নৌযানটিতে মাদক থাকার প্রমাণ প্রকাশ করেননি তিনি। ট্রাম্প জানান, হামলার পর সমুদ্রজুড়ে ছড়িয়ে থাকা কোকেন ও ফেন্টানিলের বড় চালান জব্দ করা হয়।

তিনি আরও বলেন, “সামুদ্রিক পথে মাদক প্রবেশ কিছুটা কমেছে, তবে স্থলপথ দিয়ে এখনও তা আসছে। যুক্তরাষ্ট্র কার্টেলগুলোকে জানিয়ে দিচ্ছে—স্থলপথেও তাদের থামানো হবে।”

মার্কিন সিনেটর মার্কো রুবিওও হামলার পক্ষে অবস্থান নিয়ে দাবি করেছেন, ওয়াশিংটনের কাছে “শতভাগ নিশ্চিত প্রমাণ” ছিল যে নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত।

অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলাকে “বোমা হামলার হুমকি” বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের বৈধ আত্মরক্ষার অধিকারকে উপেক্ষা করছে এবং দুই দেশের সম্পর্ক পুরোপুরি ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদুরো হুঁশিয়ারি দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়েলা আত্মরক্ষায় প্রস্তুত।”

সম্প্রতি ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। গত সপ্তাহে পরিচালিত এক অভিযানে ১১ জন নিহত হন। এর জেরে উত্তেজনা আরও বাড়ে, যখন ভেনেজুয়েলা দুটি এফ-১৬ যুদ্ধবিমান উড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে ফেলে। তখন ট্রাম্প সতর্ক করে বলেন, “ভেনেজুয়েলার যুদ্ধবিমান যদি মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলে, তবে সেগুলো গুলি করে ভূপাতিত করা হবে।”

এছাড়া, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান গিল অভিযোগ করেন, মার্কিন নৌবাহিনী সম্প্রতি তাদের একটি মাছ ধরার নৌযান আট ঘণ্টা অবৈধভাবে দখলে রেখেছিল। তার দাবি, “যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সংঘাত উসকে দিচ্ছে এবং এর লক্ষ্য কারাকাসে শাসন পরিবর্তন।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বহু পশ্চিমা দেশ ভেনেজুয়েলার ২০২৪ সালের জুলাই নির্বাচনে প্রেসিডেন্ট মাদুরোর বিজয়কে স্বীকৃতি দেয়নি। তাদের দাবি, বিরোধী প্রার্থী এডমুন্ডো গনসালেস প্রকৃত বিজয়ী ছিলেন। এ ছাড়া, ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে ‘কার্টেল অব দ্য সানস’ নামের মাদকচক্র পরিচালনার অভিযোগ এনে তার মাথার দাম ৫ কোটি ডলার ঘোষণা করেছে। তবে মাদুরো এসব অভিযোগকে “আমেরিকার সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র” বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্র: বিবিসি ও রয়টার্স