ইসরাইলি কর্মকর্তারা লোভী ও রক্তপিপাসু: এরদোগান

0
69

ইসরাইলি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। দোহায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের যৌথ জরুরি সম্মেলনে তিনি বলেন, “ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে একটি লোভী ও রক্তপিপাসু মানসিকতা রয়েছে।”

এরদোগান অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ইচ্ছাকৃতভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং সমগ্র অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, ইসরাইলের কর্মকাণ্ড জাতিসংঘ সনদকে সরাসরি লঙ্ঘন করছে এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে।

এরদোগান বলেন, “আমরা এমন এক সন্ত্রাসী মানসিকতার মুখোমুখি, যা বিশৃঙ্খলা ও রক্তপাতের ওপর দাঁড়িয়ে আছে। তারা টিকে আছে কারণ তাদের অপরাধের কোনো শাস্তি দেওয়া হয়নি।”

সম্মেলনে কাতারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক সবসময় দোহা ও ফিলিস্তিনিদের পাশে থাকবে।

ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে এরদোগান বলেন,
“দোহার হামলা ইসরাইলি ডাকাতিকে এক নতুন স্তরে নিয়ে গেছে। ইসরাইলের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। অতীতে এ ধরনের চাপ কার্যকর হয়েছে, এবারও হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতি, তাদের গণহত্যা বা বিভাজন মেনে নিতে পারি না।”