ভোজ্যতেল আমদানিতে এক শতাংশ উৎস কর বসাল সরকার

0
56

সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎস কর আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এতদিন এসব পণ্যে কোনো উৎস কর ছিল না। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেল, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেলের ক্ষেত্রে উৎস করের হার এক শতাংশ নির্ধারণ করা হলো।

এর আগে আগস্টে আন্তর্জাতিক বাজারে দাম কমায় সরকার পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা ঘোষণা করে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে যাচ্ছে—এক লিটার বোতলের দাম এখনো ১৮৯ টাকা।

গত ১৫ এপ্রিল সরকার সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঠিক করেছিল। তখন লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের পরদিন ব্যবসায়ীদের দাবিতে সয়াবিন তেলের আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার করা হয়। একই সুবিধা দেওয়া হয়েছিল অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রেও।

সেই প্রেক্ষাপটে এবার থেকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের আমদানিতেও নতুন উৎস কর প্রযোজ্য হবে। এর আগে এসব তেলে ৫ শতাংশ হারে আগাম কর ছিল।