মানিকগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদী থেকে ইমামের মরদেহ উদ্ধার

0
59

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের তিন দিন পর স্থানীয় খিড়াই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জের চৌহালী থানার বিনা নাই গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত এক বছর ধরে ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজের সময় থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয়রা খিড়াই নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন বলেন, “আমাদের ইমাম সাহেব রোববার ফজরের নামাজ পড়িয়েছিলেন। কিন্তু যোহরের নামাজে হাজির না হওয়ায় আমরা খোঁজ শুরু করি। আজ সকালে তাঁর মরদেহ নদীতে ভাসতে দেখি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।”

ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর মিয়া বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।