হংকংকে হারিয়ে সুপার ফোরের পথে শ্রীলঙ্কা

0
43

মাত্র ১৫০ রানের লক্ষ্য দিলেও শ্রীলঙ্কাকে শেষ পর্যন্ত ভোগান্তিতেই ফেলেছিল হংকং। জয়ের স্বপ্নও জাগিয়েছিল অনভিজ্ঞ দলটি। তবে শেষ মুহূর্তে ওয়ানিন্দু হাসারাঙ্গার ঝড়ো ব্যাটিংয়ে চাপ কাটিয়ে ৭ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায় লঙ্কানরা।

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান তোলে হংকং। দুই ওপেনার জিশান আলী ও আনশি রাঠ ৪১ রানের জুটি গড়েন। এরপর নিযাকাত খানের ঝড়ো ব্যাটিং। তিনি ৩৮ বলে ৫২ রানে অপরাজিত থাকেন, যা তার ১২তম আন্তর্জাতিক টি–টোয়েন্টি অর্ধশতক এবং প্রথমবার কোনো ফুল মেম্বার দলের বিপক্ষে। রাঠ খেলেন ধীরগতির কিন্তু কার্যকর ৪৮ রানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে দুশমন্থ চামিরা ২৯ রানে নেন ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২৬ রানে কুসল মেন্ডিসকে হারায় শ্রীলঙ্কা। এরপর পাথুম নিসাঙ্কা (৬৮) ও কুসল পেরেরার জুটিতে এগিয়ে যায় লঙ্কানরা। কিন্তু মাঝপথে হংকংয়ের বোলাররা মাত্র ৮ রানের ব্যবধানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে। তখনই জয়ের সম্ভাবনা টের পাচ্ছিল হংকং।

তবে ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্যামিও সেই স্বপ্ন ভেঙে দেয়। মাত্র ৯ বলে ২০ রানে অপরাজিত থেকে দলকে জেতান তিনি।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করল শ্রীলঙ্কা, যা তাদের সুপার ফোর নিশ্চিতের পথ অনেকটাই সহজ করে দিল।

দিনের অপর ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে নিশ্চিত হয়ে গেছে ভারতেরও সুপার ফোরে ওঠা।