৪৭তম বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার, ২৫৬ কেন্দ্রে একযোগে পরীক্ষা

0
52

৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরীক্ষা নেওয়া হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর গেট বন্ধ হয়ে গেলে দেরিতে আসা কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রার্থীদের আসন বিন্যাস, সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। একই সঙ্গে মোবাইল মেসেজের মাধ্যমেও জানানো হবে।

পরীক্ষায় থাকবে মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরে এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরে শূন্য দশমিক পাঁচ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন হলে থেকে বের হতে পারবেন না।

বিপিএসসি জানিয়েছে, প্রবেশপত্রে উল্লিখিত তথ্য ও ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর যাচাই করা হবে। কোনো গরমিল পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্রে চারটি সেট থাকবে— ১, ২, ৩ ও ৪। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, তার সঙ্গে মিলিয়েই প্রশ্নপত্র দেওয়া হবে।

কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। কেউ নিষিদ্ধ সামগ্রী বহন করলে কিংবা নকলের সঙ্গে জড়িত থাকলে তার প্রার্থিতা বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক দেওয়া হবে এবং তাদের প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে। অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য প্রতি ঘণ্টায় ৫ মিনিট করে বাড়তি সময় দেওয়া হবে।

প্রবেশপত্র ছাড়া হলে প্রবেশ করা যাবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করা যাবে। এ ছাড়া ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্র ছাপানো হয়েছে। তাই কারও জন্য ভার্সন পরিবর্তনের সুযোগ নেই।

বিপিএসসি জানিয়েছে, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, গরমিল বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রার্থীর ৪৭তম বিসিএসের প্রার্থিতা বাতিল করা হবে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।